নোয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন জামায়াতে ইসলামের আমিরকে কটাক্ষ করে বলেছেন, ‘জামায়াতের আমির যেন জান্নাতের টিকিটের মূল ডিলার। তার কাছ থেকে টিকিট নিলে নাকি নামাজ, রোজা ও ইবাদত ছাড়াই মানুষ জান্নাতে চলে যাবে।’
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের জুনদপুর ও আনন্দীপুর এলাকায় আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনি সভার আয়োজন করে ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন এবং জিয়া স্মৃতি সংসদ।
ব্যারিস্টার খোকন বলেন, জান্নাত ও জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ। এসব বিষয়ে কোনো মানুষের হাতে কিছুই নেই। তাই জান্নাতের টিকিট দেওয়ার মতো মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে ধোঁকা দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল। স্বাধীনতাবিরোধীদের মিথ্যা আশ্বাসে ভোট নষ্ট না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
খোকন সভায় উপস্থিত জনগণকে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়তে সহযোগিতা করার আহ্বান জানান।
স্থানীয় জিয়া স্মৃতি সংসদের সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গনী পাটোয়ারী মামুনসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক নির্বাচনি সভায় উপস্থিত ছিলেন।


