নোয়াখালীর হাতিয়াতে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়ার পর স্বামী পরিত্যক্ত এক নারী (৩০) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১১ মার্চ) রাতে ভুক্তভোগী নারী তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ঘটনা ঘটে মঙ্গলবার রাতে উপজেলার নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ খেতের পাহারার টংঘরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী তিন সন্তানের জননী এবং স্বামী পরিত্যক্ত। এর আগে তার তিনটি বিয়ে হয়েছিল।
প্রথম সংসার প্রায় ১৮ বছর, দ্বিতীয়টি তিন বছর এবং সর্বশেষ বিয়ে প্রায় এক বছর স্থায়ী হয়। বর্তমানে তিনি আবার বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন।
ভুক্তভোগী নারী জানিয়েছেন, তার পরিচিত এক ব্যক্তি নতুন পাত্র ঠিক করার প্রস্তাব দেন। পরে ওই ব্যক্তি তাকে বিয়ের কথা বলে বাইরে দেখা করার প্রস্তাব দেয় এবং জানায়, তাকে খালার বাসায় নিয়ে যাবে।
মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি আফাজিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে নারীকে কলাপাড়া এলাকার একটি তরমুজ খেতের পাহারার টং ঘরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা আরও দুজনসহ তিনজন মিলে তাকে আটকে রেখে গণধর্ষণ করে। ভুক্তভোগী নারী অভিযুক্তদের মধ্যে একজনের নাম জানালেও বাকি দুইজনের পরিচয় দিতে পারেননি।
হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে একজনের নাম-ঠিকানা জানা গেছে, অন্য দুইজনকে শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে ওসি আরও বলেন, নির্যাতনের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।


