নোয়াখালীতে মধ্যরাতে ঝড়ের কারণে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ভোর থেকে আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে আটকা পড়ে আছে। এ কারণে ঢাকার সঙ্গে নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে নোয়াখালী জেলা শহর মাইজদীসহ জেলার বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হয়। প্রচণ্ড ঝড়ের কারণে জেলার বিভিন্ন স্থানে, এমনকি রেললাইনের ওপরও গাছ উপড়ে পড়ে।
মঙ্গলবার সকাল ৬টায় নোয়াখালী স্টেশন থেকে ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে হরিনারায়নপুর স্টেশন এলাকায় রেললাইনের ওপর গাছ পড়ে থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা তা অপসারণ করে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছানোর ব্যবস্থা করেন।
পরে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে এসে সকাল ৮টা ২৩ মিনিট পর্যন্ত আটকে থাকে। এ সময় মাইজদী (বসিরার দোকান) ইমামবাজার সংলগ্ন রেললাইনের ওপর থাকা গাছ অপসারণের পর ট্রেনটি চৌমুহনী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ট্রেনের চালক রফিকুল ইসলাম জানান, আমরা এখন চৌমুহনীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। এরপর আবার সেখানে গিয়ে অপেক্ষা করতে হবে, কারণ এখনও অনেক জায়গায় গাছ পড়ে আছে। জানি না, ঠিক কখন গন্তব্যে পৌঁছাতে পারব।
এদিকে, অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেনের এমন বিলম্বের খবরে যাত্রীরা কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেনটি প্রায় যাত্রীশূন্য হয়ে পড়ে। অধিকাংশ যাত্রী গন্তব্যে পৌঁছাতে বিকল্প পথ বেছে নেন। তবে অল্পসংখ্যক যাত্রী তখনও ট্রেনে বসে অপেক্ষা করতে দেখা যায়।
নোয়াখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, খুব ভোরবেলা থেকেই রেলওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাইন ক্লিয়ার করতে গাছ অপসারণের কাজ করে যাচ্ছেন। এগুলো অপসারণ করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।


