নোয়াখালীর নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক প্রবাসফেরত বৃদ্ধার বসতবাড়ি ও দোকানঘর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জেলা শহর মাইজদীতে একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. দুলাল মিয়া এসব অভিযোগ করেন। এ সময় তার মেয়ে হাসিনা আক্তার পলি, ছেলে মোবারক হোসেন রনি ও নাতি আবদুল্লাহ আল নোমান মাহী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে দুলাল মিয়া বলেন, ১৯৯০–৯১ সালে তিনি নোয়ান্নই ইউনিয়নের শিবপুর গ্রামের নুরুল হকের কাছ থেকে সাড়ে ১৩ শতাংশ জমি ক্রয় করেন। পরে সেখানে বসতবাড়ি ও দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভাড়া দিয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তবে চার–পাঁচ বছর আগে বিক্রেতার ছেলেরা জমির দাগ নিয়ে আপত্তি তুলে বিরোধ সৃষ্টি করে। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন।
তিনি অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে নুরুল হকের ছেলেরা স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় ওই সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে স্থানীয়ভাবে ও থানা পর্যায়ে একাধিক সালিশ বৈঠকও হয়েছে।
দুলাল মিয়ার দাবি, গত ২ এপ্রিল সন্ধ্যায় নুরুল হকের ছেলে রুবেল, মাসুদ, রাশেদ ও দিদারসহ একদল ব্যক্তি তার বাড়ি ও দোকানঘরে হামলা চালায়। এ সময় ভাড়াটিয়াদের জোরপূর্বক বের করে দিয়ে মালামাল লুটপাট করা হয় এবং ঘরগুলোতে তালা ঝুলিয়ে দখলের চেষ্টা করা হয়। পরে তিনি সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগীর ছেলে মোবারক হোসেন রনি বলেন, অভিযুক্তরা আমাদের নিজস্ব সম্পত্তিতে যেতে বাধা দিচ্ছে। সেখানে গেলে দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হয় এবং পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ করার পরও প্রতিকার পাচ্ছেন না বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলন থেকে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

