ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাবনা-৩ আসনে ৮ প্রার্থীর ৬ জনই হারিয়েছেন জামানত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:৫৬ এএম
জামানত হারানো প্রার্থীরা। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে মোট আট প্রার্থী অংশ নিলেও তাদের মধ্যে ছয়জনই জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী এ তথ্য জানা যায়।

নির্বাচন অফিসের তথ্যমতে, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় মোট ভোটার রয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন। এই নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৮১১। ভোটের হার ৭০.২২ %।

চলনবিল অধ্যুষিত এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী তরবিয়াত সেক্রেটারি ও ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মাওলানা আলী আছগার ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

অধ্যাপক মাওলানা আলী আছগার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট পেয়েছেন।

ফলে ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন আলী আছগার। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. শাহেদ মোস্তফা জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

পাবনা-৩ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম (ঘোড়া) ৩৮ হাজার ২৭ ভোট, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী হাসানুল ইসলাম রাজা (ট্রাক) ৯৮৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল খালেক (হাতপাখা) ১ হাজার ৭৬৯ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল) ১ হাজার ৭২ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) ১ হাজার ৪২০ ভোট এবং গণফোরাম মনোনীত প্রার্থী সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য) ১৭৩ ভোট।

একটি সংসদীয় আসনে মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট না পেলে সংশ্লিষ্ট প্রার্থী জামানত হারান। নির্বাচনে ঘোষিত ফলাফলের ভিত্তিতে ওই ছয়জন সংসদ সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।