পাবনার ঈশ্বরদীতে পূর্ব বিরোধের জেরে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে (২৬) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের সঙ্গে সাঁড়া গোপালপুর রেললাইনের পাশে সূর্য সংঘ ক্লাবে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন সেখানে আসে। পরে কথা–কাটাকাটির একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার কিছুক্ষণ আগে ওই ক্লাব লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

