পাবনার বেড়া উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নয়ন সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নয়ন উপজেলার কুশিয়ারা দক্ষিণপাড়ার মৃত ময়নাল সরদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
বেড়া মডেল থানার এসআই মমতাজ উদ্দিন জানান, নয়ন মাদকাসক্ত ছিলেন। কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে ঢাকায় চলে যান। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
সোমবার (২০ এপ্রিল) সকালে স্থানীয়রা নয়নের বাড়ির পাশের একটি বাঁশবাগানের ভেতরে আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন