পঞ্চগড় সদর উপজেলায় অবৈধ উপায়ে সার কেনার অপরাধে মমিন মিয়া (২৭) নামে এক খুচরা সার ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বাগানবাড়ী এলাকায় মেসার্স সৌরভ বীজ ভান্ডারে অভিযান চালিয়ে এই কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।
এ সময় মেসার্স সৌরভ বীজ ভান্ডারের মালিক কামরুন নাহারকে অবৈধ উপায়ে সার বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবুল কালাম আজাদ ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ নগদ প্রদান করেন।
জানা গেছে,কারাদণ্ডপ্রাপ্ত মমিন মিয়া জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা এলাকার সাবিরুল ইসলামের ছেলে। পরে তাকে সদর থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার মেসার্স সৌরভ বীজ ভান্ডারে কৃষকের জন্য বরাদ্দকৃত টিএসপি সার সরকারি নির্দেশনা অমান্য করে এক খুচরা সার বিক্রেতার কাছে বিক্রি করছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার আবুল কালাম আজাদ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার ক্রেতা মমিন মিয়াকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) লঙ্ঘনের অপরাধে ১২(৩) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই আইনে সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। পরে সার ডিলারকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী বলেন, কৃষকের জন্য বরাদ্দের সার নিয়ে কেউ কোনো ধরনের অনিয়ম করলে আমরা ছাড় দেব না। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে। যদি ভবিষ্যতে তিনি এ ধরনের কাজ করেন, তাহলে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামি মমিন মিয়াকে বিকেলে থানায় নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে।


