ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পঞ্চগড়ে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পহেলা বৈশাখে দেশের বিভিন্ন জেলার সঙ্গে পঞ্চগড়েও কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্ডের উদ্বোধনের পরপরই স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির কৃষকদের হাতে এই কার্ড তুলে দেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি সুবিধা পাবেন।

বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কৃষকদের জন্য চালু করা হচ্ছে ‘কৃষক কার্ড’। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এরই ধারাবাহিকতায় পঞ্চগড় জেলায় দুইটি উপজেলার মোট ৩,৫৫৪ জন কৃষক এই কৃষি কার্ডের আওতায় আসেন। এর মধ্যে পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লকের ১,৫৯২ জন এবং বোদা উপজেলার পাঁচপীর ব্লকের ১,৯৬২ জন কৃষক এই কার্ডের আওতাভুক্ত হন।

ইতোমধ্যে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন, ব্যাংক হিসাব খোলাসহ সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এই কার্ড চালুর মাধ্যমে কৃষকরা সহজেই সরকারি ভর্তুকি, কৃষি সহায়তাসহ ১০ ধরনের সুবিধা পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠে সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়ের আয়োজনে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

এছাড়াও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন নবী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, কৃষক কার্ড বিতরণের মাধ্যমে কৃষকদের জীবনে যে পরিবর্তন আসবে, তার সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। আগামীতে প্রায় দুই কোটি পঁচাত্তর লক্ষ কৃষক এই কার্ডের আওতায় এলে তাদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।