ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ট্রাকের নিচে চাপা পড়ে অটোরিকশাচালক নিহত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১১:০৯ এএম
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফলে মালবাহী ট্রাকের নিচে ব্যাটারিচালিত অটোরিকশা চাপা পড়ার ঘটনা ঘটেছে। এতে অটোরিকশাচালক মো. মোতালেব মুন্সি (১৯) নিহত হয়েছেন এবং অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোতালেব মুন্সি দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের জালাল মুন্সির ছেলে। আহত ব্যক্তিরা হলেন একই উপজেলার নওয়াব কাচারি এলাকার শামসুল হকের ছেলে আবুল বশার (৪০) ও বগুড়া গ্রামের উমর মাতুব্বরের ছেলে আসাদুল (১৮)।

প্রত্যক্ষদর্শী মো. হিরণ সরদার জানান, সন্ধ্যা ৭টার দিকে দশমিনা উপজেলা থেকে একটি মালবাহী ট্রাক বাউফলের দিকে যাচ্ছিল। ট্রাকটি কালাইয়া পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুরজাহান বলেন, হাসপাতালে আনার আগেই অটোরিকশাচালকের মৃত্যু হয়। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।