ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণঅধিকার নেতার বিয়েতে ডিজেল উপহার 

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০১:৪৮ পিএম
বিয়েতে ডিজেল উপহার পেলেন গণঅধিকার পরিষদের নেতা। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের ট্রাক মার্কার সাবেক এমপি প্রার্থী ও গণঅধিকার পরিষদের এক কেন্দ্রীয় নেতার বিয়েকে ঘিরে ব্যতিক্রমী এক ঘটনার জন্ম হয়েছে।

প্রচলিত উপহারের পরিবর্তে বরের হাতে ডিজেল তুলে দেওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাবেক এই সংসদ সদস্য প্রার্থী ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক এবং উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমের বিয়ের অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে। 

এ সময় বাংলাদেশ ছাত্র-অধিকার পরিষদের পটুয়াখালী জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা ডিজেলের একটি পাত্র উপহার দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে বিয়ের এই ব্যতিক্রমী উপহারটি প্রথম আলোচনায় আসে।

বাংলাদেশ ছাত্র-অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান ছবিটি পোস্ট করে জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে ধরেন। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, সংগঠনটির পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান ও দপ্তর সম্পাদক মো. সাইফুল মৃধাসহ অন্যান্য নেতাকর্মীরা সম্মিলিতভাবে প্রায় ৩ লিটার ডিজেল একটি ৫ লিটারের পাত্রে করে বর-কনের হাতে তুলে দিচ্ছেন।

জানা গেছে, দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা মো. ফারুক হুসাইনের ছেলে শহিদুল ইসলাম ফাহিমের সঙ্গে একই উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মরহুম মো. শহিদুল ইসলাম খানের মেয়ে শারমিন স্বর্ণার এ বিয়ে অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে ছাত্র-অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মহসিন ইসলাম বলেন, বর্তমান জ্বালানি সংকটের বিষয়টি তুলে ধরতেই প্রতীকী এ ধরনের উপহার দেওয়া হয়েছে। এতে করে মানুষের ভোগান্তির দিকটি সবার সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

স্থানীয়দের মতে, বিয়েতে এমন ব্যতিক্রমী উপহার এক দিকে যেমন নতুনত্ব এনেছে, তেমনি বর্তমান জ্বালানি সংকটের বাস্তব চিত্রও তুলে ধরেছে। ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তা ছড়িয়ে পড়েছে।