ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

পবিপ্রবিতে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত 

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘Healthy Minds for a Brighter Tomorrow’ শীর্ষক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি মাদককে ‘না’ বলার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নেছার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ও রিসোর্স স্পিকার হিসেবে বক্তব্য দেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ।

উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, তরুণ ও যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ। কিন্তু দুঃখজনকভাবে এ সমাজের একটি অংশ আজ মাদকের মরণনেশায় আক্রান্ত। যাদের হাত ধরে দেশ এগিয়ে যাওয়ার কথা, তারাই অন্ধকারের পথে হারিয়ে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার এবং মাদককে ‘না’ বলার আহ্বান জানান।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, দেশের অন্যতম বড় সামাজিক সমস্যা এখন মাদক। যুব ও ছাত্রসমাজকে এ ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে। দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, প্রতিবছর দেশে মাদকের বিস্তার বাড়ছে এবং এর প্রধান শিকার হচ্ছে তরুণরা। মাদক তাদের মেধা ও সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। জনসচেতনতা ও সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মূলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সেমিনারে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আলী হায়দার রাসেল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেলরানা জনি এবং শিক্ষার্থী রইসুর রহমান রশীদ ও প্রত্যাশা মজুমদার।

অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।