পিরোজপুরের ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। তবে আগুনে সবকিছু ভস্মীভূত হলেও একটি কোরআন শরিফ অক্ষত থাকার কথা জানিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে ভান্ডারিয়া পৌরসভার পূর্ব লক্ষিপুরা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার নিশ্চিত করেন ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল হুদা।
অগ্নিকাণ্ডে দলিল সিকদারের ছেলে মো. জলিল সিকদারের টিনশেড কাঠের ঘর এবং প্রতিবেশী মো. মাহবুব সিকদারের টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
স্টেশন অফিসার নুরুল হুদা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগী জলিল সিকদার দাবি করেন, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, “আমি কাউকে দায়ী করছি না। আল্লাহর কাছে বিচার দিলাম।”

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন