ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘আ.লীগ সরকারের সময় খালের বরাদ্দ এলেও কাজ হয়নি’

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৬:৫৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় খাল খননের জন্য বরাদ্দ এলেও বাস্তবে কোনো কাজ করা হয়নি। তিনি জানান, বর্তমান সরকার খাল খনন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা খাল খনন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন এসব কথা বলেন। এ সময় প্রশাসনের আয়োজনে কৃষি সেচ সংকট মোকাবিলা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বহেরাতলা বাজার থেকে আলগী বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। 

তিনি আরও বলেন, দেশের গ্রামীণ অর্থনীতি মূলত কৃষিনির্ভর। পানির সমস্যার সমাধান করা গেলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় কৃষকদের সমস্যার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজি, সাবেক সভাপতি কে. এম. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবকর বাদল সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মঠবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুজ্জামান আবীরসহ প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।