ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি বন্ধের নির্দেশ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৭:১৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশ দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি বলেছেন, ঘাট এলাকায় মৌসুমি কাউন্টার বসিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অনিয়ম বন্ধ করতে হবে এবং ঘাটে দৃশ্যমান ভাড়ার তালিকা টাঙিয়ে রাখতে হবে।

শুক্রবার (১৩ মার্চ) গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ঈদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ দৌলতদিয়া ঘাট দিয়ে যাতায়াত করবে। তারা যেন ঘাটে পা রাখলেই শৃঙ্খলা ও পরিবর্তন দেখতে পায়, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে।

মাদকের বিষয়ে তিনি বলেন, কয়েকদিন আগে মাদকের বিরুদ্ধে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু এই সময়ের মধ্যে শুধু মাদকসেবীদের ধরা হয়েছে, বড় কোনো মাদক কারবারিকে আইনের আওতায় আনা যায়নি। তিনি প্রশাসনকে মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ সময় ঈদ উপলক্ষে সরকারি অনুদানের চাল প্রকৃত দরিদ্রদের মাঝে সঠিকভাবে বিতরণের নির্দেশও দেন তিনি। কোনো দলীয় নেতাকর্মী বা প্রভাবশালী ব্যক্তি যেন এই চাল নিজেদের আত্মীয়-স্বজনের মধ্যে বণ্টন না করতে পারে, সে বিষয়েও সতর্ক থাকতে বলেন।

তিনি আরও বলেন, সরকারি অফিস-আদালতের কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে। প্রতিটি দপ্তরে চলমান কার্যক্রম ও সেবার তালিকা টাঙিয়ে রাখতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের অধিকার সম্পর্কে জানতে পারে এবং সহজে সেবা পেতে পারে। পাশাপাশি প্রতিটি দপ্তর এই অর্থবছরে কী কাজ করেছে, তারও জবাবদিহিতা থাকতে হবে।