ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দৌলতদিয়া–পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৭:১৩ এএম
ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে হঠাৎ কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনা এড়াতে প্রায় এক ঘণ্টা এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

রোববার (১২ এপ্রিল) ভোর ৪টা ১০ মিনিটের দিকে কুয়াশা কেটে গেলে এই গুরুত্বপূর্ণ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলোকে পর্যায়ক্রমে পার করা হচ্ছে।

এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথের দিকনির্দেশক বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার পর ভোর ৪টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়। বর্তমানে ঘাটে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

তিনি আরও জানান, দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ছোট–বড় মোট ১২টি ফেরি চলাচল করছে।