২৯৯-পার্বত্য রাঙামাটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে বিএনপি, জামায়াতসহ মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
তবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি বাপ্পী চাকমা (স্বতন্ত্র), এনসিপির প্রিয় চাকমা (জামায়াত প্রার্থীর সমর্থনে) এবং বিএনপির দীপেন দেওয়ানের বিকল্প প্রার্থী হিসেবে মনোনীত তার সহধর্মিণী মৈত্রী চাকমা।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রাসহ উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য মণিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
এদিকে, জেলা আমির আবদুল আলীমসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহাম্মদ। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন পহেল চাকমা।
এ ছাড়া মনোনয়নপত্র জমা দেন খেলাফত মজলিশের আবু বক্কর ছিদ্দিক, জাকের পার্টির আবদুল হক মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই পীর) জসিম উদ্দীন এবং গণঅধিকার পরিষদের আবুল বাশার বাদশা। এর আগে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির অশোক তালুকদার ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা।
নির্বাচন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন উল্লেখ করে সব প্রার্থীই জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান বলেন, ‘বর্তমানে ধানের শীষের জয়জয়কার চলছে। জয় নিয়ে আমি নিশ্চিত আশাবাদী।’


