ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশ্বশান্তি ও সমৃদ্ধির বিশেষ প্রার্থনা

‎রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১১:৪০ এএম
দীপেন দেওয়ান এমপি রাজবন বিহারে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। ছবি : রূপালী বাংলাদেশ

রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যোগদান করেন। 

এ সময় তিনি বৌদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দানসহ নানাবিধ পুণ্যকর্মে অংশ নিয়ে ভগবান বুদ্ধের আশীর্বাদ প্রার্থনা করেন।

‎অনুষ্ঠানে মন্ত্রী দীপেন দেওয়ান তার প্রয়াত পিতা-মাতা, শ্বশুর-শাশুড়ি এবং পরলোকগত আত্মীয়স্বজনসহ জগতের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনায় প্রার্থনা করেন। ধর্মীয় এ আয়োজনে বিহার প্রাঙ্গণ পুণ্যার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল।

‎পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে বাস করবে। 

মন্ত্রী আরও বলেন, আজ আমি সৃষ্টিকর্তা ভগবানের কাছে বাংলাদেশ সরকারের উত্তরোত্তর সাফল্য এবং আমাদের প্রিয় মাতৃভূমি ও জাতির সামগ্রিক সমৃদ্ধি কামনা করছি। মন্ত্রী আরও বলেন, শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

‎অনুষ্ঠানে রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও বনভান্তের প্রধান শিষ্য শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথের ধর্মীয় দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী মৈত্রী দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ। প্রার্থনা সভা শেষে উপস্থিত সকলে বিশ্বশান্তি ও দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।