রংপুরের মিঠাপুকুরে মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। সবশেষ বুধবার রাতে (৩ জুন) দুলা মিয়া (৪৫) নামে একজনের মৃত্যু হয়। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুলা মিয়া উপজেলার বালারহাট কুমোরপুর কন্তিবাড়ি গ্রামের আকবর আলীর ছেলে। বালারহাট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (৩১ মে) রাতে উপজেলার বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন।
এদের মধ্যে কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০) ওই রাতেই নিজ বাড়িতে মারা যান। এরপর পর্যায়ক্রমে চিকিৎসাধীন অবস্থায় বাকিদের মৃত্যু হয়।
সোমবার (১ জুন) হাসপাতালে মারা যান বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫) ও সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া (৫৫)। মঙ্গলবার (২ জুন) সকালে মারা যান বুজরুক ঝালাই গ্রামের পাকারমাথা এলাকার এরশাদ আলী (৪০)। আর সবশেষ বুধবার রাতে মারা যান দুলা মিয়া।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ শিকদার বলেন, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া মেনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু জাফর বলেন, বিষাক্ত মদপানে ৫ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তদন্ত চলমান রয়েছে। রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করতে এলাকায় লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে এর ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা হচ্ছে।


