ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাতক্ষীরায় বৈছাআর ১২ নেতার ছাত্রদলে যোগদান

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন নেতা ছাত্রদলে যোগদান করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পাটকেলঘাটা বিএনপির দলীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পাটকেলঘাটা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শহীদ ও আহত সেলের খুলনা বিভাগীয় সহ-সমন্বয়ক রাকিবুল ইসলামের নেতৃত্বে পাটকেলঘাটা থানার আহ্বায়ক রুবেল হোসেন, সদস্য সচিব ইকবাল হাসান, যুগ্ন সদস্য সচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবায়েত ইসলাম, সদস্য গৌরব ভট্টাচার্য, আজিম খা, তামিম ইকবাল, আবু সাঈদ, সুমন হোসেন, নাহিদ হাসান ও খাদিজা খাতুনসহ মোট ১২ জন নেতা তাদের বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন পদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে পাটকেলঘাটা থানা ছাত্রদলে যোগদান করেছেন।’

এই সময় নবাগত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ ও সদস্য সচিব আবির হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পাটকেলঘাটা হারুনুর রশিদ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনি, বর্তমান সভাপতি মিরাজ হোসেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আলামিন হোসেন শিমুল, খলিশখালী ইউনিয়ন ছাত্রদলের বাপ্পি সরদার, নগরঘাটার সেলিম, জুয়েল, রুবেলসহ অন্যান্য নেতাকর্মীরা।

যোগদান অনুষ্ঠানে রাকিবুল ইসলাম বলেন, ‘শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ছাত্রদলে যোগদান করেছি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তিনি বিগত সময়ে আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। ইনশাল্লাহ, তাকে বিজয়ী করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।’

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।