ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি, ৪ মৌয়াল নিখোঁজ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:২৯ পিএম
ছবি- সংগৃহীত

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় ৪ জন মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪ জন। সোমবার (৬ এপ্রিল) রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে গেলে মৌয়ালরা পানিতে ভেসে যান। পরদিন সন্ধ্যার দিকে তারা ভাসতে ভাসতে হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় পৌঁছালে বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে স্টেশনে নিয়ে যান।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যে মধু সংগ্রহের সময় মৌয়ালদের বহনকারী নৌকাটি আকস্মিক ঝড়ে ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন: সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং লোকালয়ে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে এখনো নিখোঁজ রয়েছেন ৪ জন মৌয়াল। তারা হলেন: শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আবদুর রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আউব আলীর ছেলে ইকরামুল কবির।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার ফজলুল হক জানান, গত ১ এপ্রিল বৈধ পাস নিয়ে মৌয়ালরা সুন্দরবনে প্রবেশ করেছিলেন। সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং নিখোঁজদের সন্ধানে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকে অবহিত করা হয়েছে।

ঘটনার পর নিখোঁজ মৌয়ালদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। দ্রুত তাদের উদ্ধার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো তৎপরতা কামনা করেছেন স্বজনরা।