ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেমিক্যাল মেশানো ৩ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ 

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ১০:৫৭ এএম
অপরিপক্ব আম জব্দ। ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জে কেমিক্যাল মেশানো ৩ হাজার ৩৬০ কেজি অপরিপক্ব আম জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকা থেকে এসব আম জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অপরিপক্ব আমে কেমিক্যাল মিশিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ১৬৮ ক্যারেটে রাখা ৩ হাজার ৩৬০ কেজি আম জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত আম শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ভেড়িবাঁধ সড়কে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান জানান, ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম পরিবহনের দায়ে পিকআপ চালক শাহিন হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।