ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ২

শরিয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি- সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নাওডোবা এলাকায় দুইটি বাসের সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৪টায় দুর্ঘটনাটি ঘটে। শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত আকাশ সরদার (৩১) গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতী গ্রামের বাহারুল সরদারের ছেলে। তিনি কোটালীপাড়া স্টার এক্সপ্রেস বাসের হেলপার ছিলেন। এছাড়া হাসপাতালে নেওয়ার পর ওই বাসের সুপারভাইজারও মারা যান।

স্থানীয়দের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত বাস দুটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। কোটালীপাড়া স্টার এক্সপ্রেস বাসটি দাঁড়িয়ে থাকা খান পরিবহন বাসের পেছনে ধাক্কা দিয়ে ডিভাইডারের ওপর উঠে যায়।

দুর্ঘটনায় জড়িত উভয় বাস জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, দুর্ঘটনার কারণে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল, তবে এখন তা স্বাভাবিক হয়েছে। নিহতদের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।