শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাটি খুঁড়তে গিয়ে খনিজ তেল সদৃশ পদার্থ পাওয়ার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় বাসিন্দা শাহিদা আক্তার নামের এক নারী মাটি খননের সময় তেল সদৃশ ওই পদার্থ বের হতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর ছড়িয়ে পড়ার পর দলে দলে মানুষ সেখানে গিয়ে মাটি খুঁড়ে ওই পদার্থ সংগ্রহ করেন। অনেকে বাটি ও বোতলে করে নিয়ে গেছেন। কেউ কেউ আগুন জ্বালিয়ে তেল সদৃশ পদার্থটি পরীক্ষা করার চেষ্টা করেন।
খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
তবে মাটির নিচে সত্যিই কোনো খনিজ তেলের অস্তিত্ব রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষক মেহেদী হাসান মণ্ডল বলেন, নামাজের পর লোকমুখে শুনে ঘটনাস্থলে যাই। মাটির এত উপরে তেল সদৃশ পদার্থ পাওয়া সত্যিই বিস্ময়কর। বিষয়টি পরীক্ষা করে দেখা প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে ছুটির দিন থাকায় উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন