ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আমি শাসক নই, খাদেম হয়ে এসেছি : জামায়াত নেতা

নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১২:৫৩ পিএম
দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারে মুহাম্মদ গোলাম কিবরিয়া। ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ১১-দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি বলেছেন, আমি আপনাদের কাছে নেতা হওয়ার জন্য আসিনি, এসেছি সেবক হওয়ার জন্য। আমি শাসক হওয়ার জন্য আসিনি, এসেছি খাদেম হওয়ার জন্য।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রার্থী আরও বলেন, দাঁড়িপাল্লা হলো আস্থার প্রতীক ও বিশ্বাসের প্রতীক। এই প্রতীকের বিজয় নকলা-নালিতাবাড়ীর উন্নয়ন ঘটাবে এবং মানুষের ভাগ্য পরিবর্তন করবে। ব্যবসায়ীরা দিনের বেলায় শান্তিতে ব্যবসা করতে পারবেন, রাতে শান্তিতে ঘুমাতে পারবেন। মা-বোনেরা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবেন। কর্মক্ষেত্রে আলাদা সুযোগ-সুবিধা পাবেন। বেকারত্ব দূর হবে এবং শিক্ষা ও কৃষি ক্ষেত্রে পরিবর্তন আসবে।

এ নির্বাচনি জনসভায় নকলা উপজেলা আমির মোহাম্মদ গোলাম সারোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জামায়াতে ইসলামীর মনোনীত নকলা পৌর মেয়র পদপ্রার্থী ফারদিন হাসান হাসিব, নালিতাবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি, পৌর জামায়াতের নায়েবে আমির আরিফ রব্বানীসহ ১১-দলীয় জোটের নেতাকর্মীরা। এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল হয়ে সমাবেশস্থলে জড়ো হয়।