শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সীমান্ত সড়কের জায়গা দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে ‘বনরাণী রিসোর্ট’ নামে একটি পর্যটন কেন্দ্রের মালিকপক্ষের বিরুদ্ধে। উপজেলার গজনী গারো পাহাড়ের বাঁকাকুড়া এলাকায় সরকারি আইন অমান্য করে এই নির্মাণকাজ চালানো হচ্ছে।
গত সোমবার (১৩ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, বনরাণী রিসোর্ট সংলগ্ন সীমান্ত সড়কের একদম পাশ ঘেঁষে গভীর গর্ত খুঁড়ে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ করছেন একদল শ্রমিক। সড়ক আইন অনুযায়ী, মহাসড়ক বা প্রধান সড়কের ১০ মিটারের মধ্যে যেকোনো ধরনের স্থায়ী স্থাপনা নির্মাণ নিষিদ্ধ থাকলেও এখানে তার তোয়াক্কা করা হচ্ছে না।
নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা জানান, রিসোর্টের ম্যানেজারের নির্দেশেই তারা সড়কের কোল ঘেঁষে এই দেয়াল নির্মাণ করছেন।
জায়গা দখলের বিষয়ে জানতে চাইলে বনরাণী রিসোর্টের ম্যানেজার বাবলু মিয়া দাবি করেন, “রাস্তাসহ এই জায়গার মালিক রিসোর্ট কর্তৃপক্ষ। তাই এখানে দেয়াল নির্মাণে কোনো অনুমতির প্রয়োজন নেই।”
তবে সরকারি সড়কের জায়গা ব্যক্তিগত দাবি করে এভাবে স্থাপনা নির্মাণ করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এই অবৈধ দখল বন্ধের দাবি জানিয়েছেন।
বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে শেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম জানান, সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। বিষয়টি অবগত হওয়ার পর তিনি দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


