সিরাজগঞ্জের রায়গঞ্জে আওয়ামী লীগের প্রায় অর্ধশত নেতাকর্মী দল ত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ধানগড়া ইউনিয়নের অন্তর্গত আটঘরিয়া বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
এ সময় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ধানের শীষের কান্ডারি ভিপি আয়নুল হক নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
যোগদানকারী নেতাকর্মীদের নেতৃত্ব দেন ধানগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
যোগদানকৃত নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও স্থানীয় পর্যায়ে দলীয় বৈষম্য, ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন, মতপ্রকাশের স্বাধীনতার অভাব এবং জনগণের ভোটাধিকার হরণের কারণে তারা হতাশ হয়ে পড়েছিলেন।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা।
অনুষ্ঠানে বক্তব্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আয়নুল হক বলেন, আজ যারা আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন, তারা অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন।
বিএনপি ক্ষমতায় এলে হিন্দু-মুসলিম, ধনী-গরিব কোনো ভেদাভেদ থাকবে না সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। এখানে ত্যাগী ও মেহনতি নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করা হয়। রায়গঞ্জে অর্ধশত নেতাকর্মীর যোগদান আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহ-সভাপতি শামসুল হক, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধানগড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে একযোগে এতসংখ্যক নেতাকর্মীর দলবদল রায়গঞ্জের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।
এতে বিএনপির সাংগঠনিক শক্তি যেমন বাড়বে, তেমনি আসন্ন জাতীয় নির্বাচন ও রাজনৈতিক কর্মসূচিতে এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে বলে তারা মনে করছেন।


