ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিরাজগঞ্জে জামায়াত নেতার বাড়িতে বিএনপির হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৮

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:০৩ পিএম
আহত অবস্থায় বাড়ির আঙ্গিনায় পড়ে আছেন জামায়াত নেতার স্বজন এক নারী (ডানে) ছবি- রূপালী বাংলাদেশ

উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলীমের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় নারীসহ ৮ জন আহত হন।

বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করেছেন—এ অভিযোগে উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জামায়াত নেতা আব্দুল আলীম। তবে বিএনপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে সাজানো নাটক দাবি করা হয়েছে।

উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলীম অভিযোগ করেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব নিক্সন কুমার আমিনের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন বিএনপি কর্মী ও সমর্থক তার বাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে তার ছেলে মোজাহিদ ও স্বজন মারুফা খাতুন, রোজিনা পারভীন, মেরিনা খাতুনসহ অন্তত ৮ জন আহত হন। হামলার সময় তার ঘরের জানালা, দরজা ও বেড়া ভাঙচুর করা হয়। আহতদের তিনি উল্লাপাড়া বেঙ্গল হাসপাতালে ভর্তি করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে তিনি থানা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন জানান, দু’দিন আগে জামায়াত নেতাকর্মীদের হামলায় উল্লাপাড়ার বিভিন্ন স্থানে আহত নেতাকর্মীদের দেখতে ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে সকাল থেকেই তারা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরছিলেন। দুপুরের দিকে গজাইল বাজারে দুদিন আগে জামায়াত নেতাকর্মীদের হামলায় যুবদল নেতা আব্দুল লতিফের ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান দেখে ফেরার সময় জামায়াত নেতা আব্দুল আলীমের বাড়ির পাশের রাস্তা অতিক্রমকালে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে তাদের কয়েকজন কর্মী আহত হন এবং মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

নিক্সন আমিন আরও জানান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। জামায়াত নেতা বিএনপি নেতাকর্মীদের ফাঁসানোর জন্য নিজেরাই তাদের ঘরবাড়ি ভাঙচুর করে একটি নাটক সাজিয়েছেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার সঙ্গে যোগাযোগ করলে উপ-পরিদর্শক আব্দুল হামিদ জানান, ঘটনার খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আব্দুল আলীমের বাড়ির দরজা, জানালা ও বেড়া ভাঙচুর অবস্থায় দেখেছেন। প্রাথমিকভাবে জামায়াত নেতা আব্দুল আলীম থানায় একটি অভিযোগ দিয়েছেন। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রূপকর জানান, তারা ঘটনাস্থলে গিয়ে যথাযথ তদন্ত শেষে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।