বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য প্রায়োরিটি রমজানটাকে ভালোভাবে চালানো। তিনি বলেন, টেকনিক্যাল জিনিস দু-একটা ফল্ট হতে পারে, বিদ্যুৎ যেতেও পারে, তবে বেশির ভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে পৌঁছে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য প্রায়োরিটি রমজানটাকে ভালোভাবে চালানো, আর সামনের কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল ট্যাকেল দেওয়া। এটি যদিও ডিফিকাল্ট, কিন্তু আমি চেষ্টা করছি প্রাণপণে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য। এটি টেকনিক্যাল জিনিস দু-একটা ফল্ট হতে পারে, বিদ্যুৎ যেতেও পারে, তবে বেশির ভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে।
বিগত সময়ের যে পরিমাণ বকেয়া রেখে গেছে, তার পরে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে কঠিন একটা অগ্নিপরীক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি, কীভাবে এটা ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়।
এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপি নেতাকর্মীরা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান।

