ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যমুনা সেতুতে ৩ কিলোমিটারজুড়ে যানজট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১০:০৩ এএম
যমুনা সেতুর যানজট। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর-পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষের চাপে যমুনা সেতুর পশ্চিম টোলপ্লাজায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

শনিবার (২৮ মার্চ) ভোর থেকে সেতুর পশ্চিম পাড়ে ঢাকামুখী লেনে প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি ও জট সৃষ্টি হয়।

শনিবার ভোর সাড়ে ৬টার দিকে দেখা যায়, যমুনা সেতুর পশ্চিম টোলপ্লাজায় ঢাকামুখী শত শত যানবাহন সেতুতে ওঠার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করে একেকটি গাড়ি সেতুতে ওঠার সুযোগ পাচ্ছে। তবে সেতুর পূর্ব প্রান্তে (টাঙ্গাইল অংশ) কোনো জট না থাকায় উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে।

এমন ভোগান্তি নিয়ে সোহেল রানা সোহাগ বলেন, ভোর ৬টায় সিরাজগঞ্জ শহর থেকে এসআই পরিবহনে ঢাকার উদ্দেশে রওনা হই। স্বাভাবিক সময়ে তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছাতে পারলেও আজ তাকে সেতু পার হতেই দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, আজ ভোর থেকেই পশ্চিম টোলপ্লাজায় গাড়ির চাপ বেড়েছে। এতে সেতুর পশ্চিমপাড়ে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। ঢাকামুখী সড়কে অতিরিক্ত গাড়ি থাকায় যাত্রীদের এমন ভোগান্তি হচ্ছে। তবে আশা করা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ কমে যাবে।