সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের টিএনটি মোড়ে বাঁধের রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করলেও বর্তমানে খানাখন্দ, কাদা ও ভাঙাচোরা অংশের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও রোগীর স্বজনরা।
জানা গেছে, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিতে আসেন। কিন্তু হাসপাতালের প্রধান সড়কটির বিভিন্ন স্থানে গর্ত ও কাদামাটির কারণে রোগীবাহী যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এমন বেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন অংশে পানি জমে কাদায় পরিণত হয়। এতে পথচারীসহ যানবাহন চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের সঙ্গে যোগাযোগের জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সংস্কার করা হলে রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে।
এলাকাবাসী জনস্বার্থে দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, দ্রুতই সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে।

