ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মান্নান তালুকদারের অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি মন্ত্রী টুকুর

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:১৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রয়াত চারবারের সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো তিনি সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি বলেন, মান্নান তালুকদারের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তার স্বপ্ন ও পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মান্নান ভাই আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার রেখে যাওয়া দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমি যদি তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে না পারি, তাহলে নিজের বিবেকের কাছেই দায়বদ্ধ থাকব। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি সিরাজগঞ্জসহ দেশের মানুষের সম্মান রক্ষা করতে পারি।

নিজের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ। প্রধানমন্ত্রী তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এ খাতে সব সময় সতর্ক ও প্রস্তুত থাকতে হয়, কারণ যেকোনো সময় যেকোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

রায়গঞ্জের উন্নয়ন প্রসঙ্গে টুকু জানান, সিরাজগঞ্জ থেকে পাঙ্গাসী সড়কের কাজ দ্রুত শুরু হবে বলে তিনি আশাবাদী। এছাড়া দেশে গ্যাসের সংকটের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পেলে রায়গঞ্জে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বর্তমান সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক এবং স্থানীয় জনগণকে আশ্বস্ত করে বলেন, রায়গঞ্জের উন্নয়নে যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই আব্দুল মান্নান তালুকদারের স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানানো সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক এবং প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের ছেলে রাহিত মান্নান তালুকদার লেলিন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড ও অবদানের স্মৃতিচারণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।