ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পক্ষপাতের অভিযোগে অনশনে সিলেট-১ আসনের সিপিবি প্রার্থী

স্টাফ রিপোর্টার, সিলেট
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৩:২৫ পিএম
সিপিবি প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন। ছবি : রূপালী বাংলাদেশ

প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ ও নির্বাচনে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) না থাকার অভিযোগে প্রতিবাদী অনশনে বসেছেন সিলেট-১ (নগর ও সদর) আসনের সিপিবি প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত এই প্রার্থী অনশন শুরু করেন।

অনশনে বসে সুমন অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দেখিয়ে তার নির্বাচনি প্রচারের বিলবোর্ড অপসারণ করা হলেও অন্য প্রার্থীদের ক্ষেত্রে একই বিধি কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে না।

তিনি জানান, সিলেট মহানগরের অন্তত দুজন প্রার্থী প্রকাশ্যেই আচরণবিধি লঙ্ঘন করে প্রতিটি ওয়ার্ডে দুই থেকে তিনশ করে বিলবোর্ড স্থাপন করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, বৈদ্যুতিক খুঁটি ও গাছে ফেস্টুন ঝোলানো, নির্ধারিত সাইজ অমান্য করে প্রচারসামগ্রী ব্যবহার এবং সিএনজিচালিত অটোরিকশায় পোস্টার লাগানোর মতো একাধিক অনিয়ম চললেও প্রশাসন কিংবা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সিপিবি প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন বলেন, প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তিনি তার এই প্রতিবাদী অনশন অব্যাহত রাখবেন। একই সঙ্গে তিনি নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ প্রশাসনিক ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।