ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইলিয়াস আলীর ধানের শীষের প্রার্থী লুনাকে বিজয়ী করার আহ্বান

সিলেট ব্যুরো
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৩১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সকল সংসদীয় আসনের সমন্বয়ক জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী দেশের অর্থনীতি ও গণতন্ত্রকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে বলেছেন, সুশাসন নিশ্চিত করতে দুর্নীতি দমন ও সকল ধর্ম ও মতের মানুষের অংশগ্রহণ অপরিহার্য। তিনি নাগরিকদের দেশ ও জনগণের অধিকারবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানান।

রোববার (০৮ জানুয়ারি) দয়ামীর বাজারে ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় কাইয়ুম চৌধুরী বলেন, 'প্রতিশোধ কখনো কল্যাণ বয়ে আনে না। এই জনপদের মানুষ ইলিয়াস আলীকে কখনো ভুলবে না। তার স্মৃতিকে হৃদয়ে ধারণ করে ধানের শীষ প্রতীকে সিলেট–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনাকে বিজয়ী করার আহ্বান জানাই।'

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন দেশের মানুষ ভোটাধিকারে বঞ্চিত ছিলেন। বিএনপি সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন করেছে এবং নির্বাচনের মাধ্যমে সেই সংগ্রামকে চূড়ান্ত করতে চায়। কাইয়ুম চৌধুরী বলেন, লুনা বিজয়ী হলে এলাকায় উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত হবে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আছকির আলী। সভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ। এ ছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ময়নুল হক চৌধুরী, সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রায়হান আহমদ।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। কাইয়ুম চৌধুরী শেষ করেন বক্তব্য, 'ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে লুনাকে বিজয়ী করুন, যাতে জনগণের আশা ও অধিকার পূরণ হয়।'