ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বাধীনতা দিবসে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার, সিলেট
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:৫৫ পিএম
ছবি- সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা বিএনপি। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় নগরীর জিন্দাবাজার শহীদ প্লাজার সামনে সমবেত হয়ে নেতাকর্মীরা শোভাযাত্রাসহ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সিলেট জেলা বিএনপির পাশাপাশি সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির নেতারা মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অতীতের মতোই ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। সেই আদর্শ বাস্তবায়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা ও দলীয় কার্যক্রম, যা জেলার আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে পালিত হবে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহও নিজ নিজ উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়ন করছে।

কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।