সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে ১০২টি গাড়ি। এ ছাড়া বিভিন্ন প্রকার গাড়ির বিরুদ্ধে ৮১টি মামলা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এবং ট্রাফিক বিভাগ এ অভিযান পরিচালনা করে।
বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
এসএমপি সূত্র জানায়, মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভূক্ত আসামি, চোরাচালানী, মাদক কারবারি এবং মেট্রো অধ্যাদেশে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া মঙ্গলবার অভিযান চালিয়ে ৮১টি গাড়ির বিরুদ্ধে মামলা ও ১০২টি গাড়ি আটক করেছে এসএমপির ট্রাফিক বিভাগ। যেসব গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- সিএনজি অটোরিকশা ১৬টি, মোটর সাইকেল ৪৭টি, বাস ৪টি, মাইক্রোবাস ১টি, প্রাইভেটকার ৭টি, ট্রাক ২টি, পিকআপ ২টি ও কাভার্ডভ্যান ২টি।
আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে- ব্যাটারিচালিত রিকশা ৪টি, টেম্পু ১টি, সিএনজিচালিত অটোরিকশা ১৭টি, মোটরসাইকেল ৭০টি, প্রাইভেটকার ৪টি, ট্রাক ১টি, পিকআপ ৪টি ও কাভার্ডভ্যান ১টি।
তা ছাড়াও বুধবার সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত অভিযানে ওয়ারেন্টভ’ক্ত আসামি, মাদকসেবী, সন্দেহজনকব্যক্তি ও আইন অমান্যকারী হকারসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদের মধ্যে ওয়ারেন্টভূক্ত ১ জন, ১১ জন মাদকসেবী, সন্দেহজনক ৫ ব্যক্তি ও আইন অমান্যকারী হকার ৩ জন রয়েছেন।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এসএমপির মিডিয়া বিভাগ।
-20260408194213.webp)

