ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৫:৩২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (৯ মার্চ) ভোরে টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড কাঁচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন অন্য দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। আগুনে তাদের দোকানে সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস. এম. হুমায়ুন কার্ণায়েন বলেন, সোমবার ভোরে হঠাৎ বেবিস্ট্যান্ড কাঁচা বাজারের একটি দোকানে আগুন লাগে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

তিনি আরও জানান, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। একই সময়ে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এতে মুদির দোকান, ওষুধের দোকান, মুরগি এবং কনফেকশনারি দোকান অন্তর্ভুক্ত ছিল।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা প্রদান করার আশ্বাস দেন।