ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

জনগণের আস্থা অটুট রাখতে দায়িত্বশীল আচরণের তাগিদ মন্ত্রীর

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ১১:৪৪ পিএম
ছবিঃ রূপালি বাংলাদেশ

কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি সৃষ্টি হলে তা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করতে হবে। গুজব বা অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। জনগণের আস্থা অটুট রাখতে ঐক্য ও দায়িত্বশীল আচরণ করতে হবে।

আজ ধনবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পৌর শাখা, টাঙ্গাইল অফিসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে ও অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়ন করা হবে। জনগণের আস্থা বজায় রাখতে শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীল আচরণের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

মন্ত্রী নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, “এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে এবং এলাকার উন্নয়ন আরও বেগবান হবে।

সবশেষে তিনি দেশবাসীসহ উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ জনগণও তাকে স্বতঃস্ফূর্তভাবে শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।