ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

স্কুলে নলকূপের পানি পান করে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী, আশঙ্কাজনক ২

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১০:১৩ পিএম
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে অন্তত ৩৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিউবওয়েলের পানিতে বিষাক্ত কোনো পদার্থ মিশে যাওয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ের পিয়ন মো. মিজানুর রহমান টিউবওয়েলের ভেতরে একটি পলিথিন দেখতে পান। পলিথিনটিতে বিষের মতো গন্ধ পাওয়া যায় বলে তিনি প্রধান শিক্ষককে জানান। এর কিছুক্ষণ পরেই টিউবওয়েলের পানি পান করা শিক্ষার্থীরা একে একে বমি করতে শুরু করে এবং অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে অষ্টমী (১৩) ও জান্নাত (১২) নামে দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হলে তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করা হয়।

মামুদনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান জানান, ‘সকাল ১০টার দিকে বিদ্যালয়ের পিয়ন আমাকে টিউবওয়েলের ভেতরে পলিথিন পাওয়ার বিষয়টি জানায়। পরে পানি পান করা শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করলে বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহমেদকে অবহিত করি এবং দ্রুত শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির বলেন, ‘অসুস্থ অবস্থায় অন্তত ৩৫ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।’

তিনি আরও জানান, কৃষি জমিতে ব্যবহৃত কোনো কীটনাশক টিউবওয়েলের পানিতে মিশিয়ে দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন এবং নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসন তদন্ত শুরু করেছে।