ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

জলবায়ু তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১০:২৯ পিএম
ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঘোষিত ‘ক্ষয়ক্ষতি তহবিল’ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই তহবিলকে শুধু প্রতিশ্রুতির পর্যায়ে না রেখে কার্যকর পদক্ষেপের মাধ্যমে বাস্তবে রূপ দিতে হবে।

মঙ্গলবার (২৩ জুন) চীনের ডালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের ‘ক্লাইমেট লিডারশিপ ইন অ্যা শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সেশনে প্রধানমন্ত্রী জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, প্রযুক্তি হস্তান্তর, অর্থায়ন এবং যৌথ অঙ্গীকারের গুরুত্ব তুলে ধরেন। তিনি ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন আরও সহজলভ্য ও শর্তহীন করার দাবি জানান। পাশাপাশি ‘সবুজ জলবায়ু তহবিল’কে আরও কার্যকর করার ওপরও জোর দেন।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু প্রশমন নয়, অভিযোজনমূলক কার্যক্রমও সমানভাবে গুরুত্বপূর্ণ।

সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগি। পরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত চীনের ডালিয়ান শহরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলন। ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।