ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের দাপটে গাছ উপড়ে পড়ে চারটি পরিবারের ছয়টি ঘর সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে গেছে। এ ঘটনায় নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়।
জানা যায়, ঝড়ের সময় প্রবল বাতাসে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাকশিড়ি এলাকায় একটি বড় গাছ ভেঙে নিজাম উদ্দিনের ঘরের ওপর পড়ে। পরিবারের অন্য সদস্যরা দ্রুত বের হতে পারলেও তিনি ঘরের ভেতরে আটকা পড়েন।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ ঘটনায় নিজাম উদ্দিন, লালন, নাজমুল ও নুর আলমের বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, কালবৈশাখীর প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ভুট্টা, পাট ও মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আলমগীর কবীর জানান, আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে কিছু এলাকায় ফসল নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।


