ঠাকুরগাঁওয়ে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফোরামের ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফোরাম আহ্বায়ক কমিটি, ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শনিবার (২৫ জুলাই) শহরের জে আর সেন্টারে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন তুহিন এবং আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফোরামের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. রমজান আলী। সম্মেলন পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. ফারুক হোসেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফোরামের জেলা, সদর উপজেলা ও ভুল্লি উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত ঠাকুরগাঁও জেলা শাখার ৩৯ সদস্যবিশিষ্ট কমিটিতে পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলী সভাপতি এবং জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ ছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার ২৩ সদস্যবিশিষ্ট কমিটিতে মথুরাপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর সভাপতি এবং মিলনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অপরদিকে ভুল্লি উপজেলা শাখার ২৩ সদস্যবিশিষ্ট কমিটিতে কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস আলী সভাপতি এবং লাউথুতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা,বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নে এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

