ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ভিসা বাতিলের শঙ্কা ও বিমানের টিকিটের দাম বাড়ায় বিপাকে আরব আমিরাতের প্রবাসীরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ১১:২৬ এএম
ছবি : সংগৃহীত

ছুটি শেষে কর্মস্থল সংযুক্ত আরব আমিরাতে ফিরতে গিয়ে ইমিগ্রেশন জটিলতায় পড়েছেন বাংলাদেশি প্রবাসীরা। প্রয়োজনীয় অভিবাসন ছাড়পত্রের শর্ত পূরণ করতে না পারায় তাদের আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

গত শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকায় ফিরে আসেন বলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, আবুধাবিতে পৌঁছানোর পর দেখা যায়, প্রবাসীদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পূর্ণ ছিল না। তাদের মধ্যে কয়েকজন গত রাতে বাংলাদেশ থেকে রওনা দেন, আর বাকিরা গত শুক্রবার যাত্রা করেছিলেন।

ফেরত আসা প্রবাসীদের একজন বাহার জানান, তিনি শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আবুধাবি যান। তবে তার কাছে পুনঃপ্রবেশের প্রয়োজনীয় অনলাইন অনুমোদন না থাকায় তাকে ফেরত আসতে হয়েছে। তিনি গত ১০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত।

বাহার বলেন, আমি ৬ আগস্ট অনলাইন ফর্ম পূরণ করেছি। কিন্তু সময়মতো পুনঃপ্রবেশের অনুমোদনের কোনো উত্তর পাইনি। এজন্যই আমাকে দেশে ফিরে আসতে হয়েছে।

এদিকে, অভিবাসন সংক্রান্ত শর্ত পূরণে জটিলতা ও তথ্যঘাটতির কারণে প্রবাসীদের এমন ভোগান্তি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, বিদেশে কর্মরত শ্রমিকদের জন্য স্পষ্ট নির্দেশনা ও দ্রুত অনলাইন অনুমোদন নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।

উল্লেখ্য, ভিসা বাতিলের শঙ্কায় জরুরি ভিত্তিতে কর্মস্থলে ফেরার প্রয়োজন হলেও বিমান টিকিটের অতিরিক্ত দামে বিপাকে পড়েছেন প্রবাসীরা। তাদের অভিযোগ, একমুখী টিকিটের দাম লাখের কোটায় পৌঁছেছে।

প্রবাসীদের দাবি, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে বৈদেশিক শ্রমবাজারে তৈরি হওয়া সংকটের পাশাপাশি টিকিট সিন্ডিকেট পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।