ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:৪৬ এএম
কবরে দেখছেন স্বজনরা। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ভবানীডাংগি কবরস্থান থেকে অন্তত ১৮টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে আক্তার নামের এক ব্যক্তি তাঁর মায়ের কবর জিয়ারত করতে যান। কবরের পাশে গিয়ে তিনি দেখতে পান, কবরের মাটি খোঁড়া এবং ভেতর থেকে কঙ্কাল উধাও। এরপর তিনি তাৎক্ষণিকভাবে অন্যদের খবর দেন।

খবর পেয়ে অনেকে তাঁদের স্বজনদের কবর দেখতে আসেন এবং একে একে ১৮টি কবর থেকে কঙ্কাল চুরির সত্যতা পাওয়া যায়।

এলাকাবাসী পুরো কবরস্থান তল্লাশি করে দেখতে পান, প্রায় ১৮টি পুরোনো কবর থেকে দুষ্কৃতকারীরা কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এতে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় থানা পুলিশকে খবর দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে আসেনি।

তবে রানীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি জানান, ঘটনাস্থল তাঁর থানার আওতাভুক্ত নয়। এটি পার্শ্ববর্তী হরিপুর থানার এলাকায় পড়েছে।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেদায়েতুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।