রাজধানীর চকবাজারে একটি মেস কক্ষ থেকে দোকান কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. হৃদয় (২৩)।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে চকবাজার থানাধীন আজগর আলী লেনের একটি মেসের কক্ষে অচেতন অবস্থায় হৃদয়কে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল সোয়া তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মো. অন্তর জানান, তারা দুজনই একই কসমেটিকসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সকালে হৃদয় অসুস্থ বোধ করায় কিছু সময় বিশ্রামের কথা বলে মেসে ফিরে যান। দুপুরে খাবারের সময় সাড়া না পেয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
তিনি আরও জানান, হৃদয়ের বাড়ি চাঁদপুর সদর উপজেলার তরপুরচর গ্রামে। তিনি মো. মজিব ব্যাপারীর সন্তান। দুই ভাইয়ের মধ্যে হৃদয় ছিল দ্বিতীয়। বর্তমানে তিনি চকবাজারের আজগর আলী লেনের ১৫/১ নম্বর বাসার চতুর্থ তলায় একটি মেসে বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন