বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানানোকে কেন্দ্র করে রাজধানীর যান চলাচলে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি। একই সঙ্গে সাধারণ পথচারী ও যানবাহন চালকদের জন্যও কিছু অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভ্যর্থনাকারীদের কোনো ধরনের ব্যাগ, লাঠি বা সন্দেহজনক সামগ্রী বহন করা যাবে না। তারা কোনো যানবাহন নিয়ে তারেক রহমানের গাড়িবহরে যুক্ত হতে পারবেন না। মোটরসাইকেল নিয়ে গুলশান ও বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়কে অবস্থান বা জনতার ভেতর দিয়ে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও গণমাধ্যমসহ জরুরি সেবার যানবাহন এসব নির্দেশনার বাইরে থাকবে। বিদেশগামী যাত্রীদের অবশ্যই এয়ার টিকিট সঙ্গে রাখতে হবে এবং তাদের সঙ্গে কোনো সহযোগী থাকা যাবে না।
এ ছাড়া নতুন বাজার–গুলশান-২ ও গুলশান-২ নতুন বাজার সড়ক পরিহার করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
পার্কিংসংক্রান্ত নির্দেশনা
অভ্যর্থনা জানাতে আগত নেতাকর্মীদের গাড়ি নির্দিষ্ট স্থানে পার্ক করতে হবে—
- টঙ্গী জয়দেবপুর রোড হয়ে আগত গাড়ি : টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ
- সিলেট ও চট্টগ্রাম থেকে আগত গাড়ি : কাঞ্চন ব্রিজ–পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে নীলা মার্কেট ও বাণিজ্য মেলা মাঠ
- আমিন বাজার ও গাবতলী হয়ে আগত গাড়ি : উত্তরা ১৭ নম্বর সেক্টর ও দিয়াবাড়ি বাজার
- বাবুবাজার ও বসিলা ব্রিজ হয়ে আগত গাড়ি : আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ
- মাওয়া রোড ও বুড়িগঙ্গা ব্রিজ হয়ে আগত গাড়ি : মতিঝিল বাণিজ্যিক এলাকা
- ডিএমপি জানিয়েছে, এসব ট্রাফিক ডাইভারশন আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টা থেকে কার্যকর থাকবে।
- রাজধানীতে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।


