হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৬৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নবী হোসেন (৪৫) নামের এক বিমানযাত্রীকে আটক করেছে এপিবিএনতিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা।
এপিবিএন জানায়, মো. নবী হোসেন বিমানযাত্রী সেজে পায়ুপথে ইয়াবা বহন করছিলেন।
রোববার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
এপিবিএনের অপারেশনাল কমান্ডার ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নভোএয়ারের অভ্যন্তরীণ ফ্লাইট VQ922-এ কক্সবাজার থেকে ঢাকায় আসার সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিং এলাকার সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
তিনি বলেন, পরে তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নেওয়া হলে জিজ্ঞাসাবাদে পায়ুপথে ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন। এরপর বিমানবন্দরে দায়িত্বরত চিকিৎসকের তত্ত্বাবধানে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে তিনটি ডিম্বাকৃতির বস্তু শনাক্ত করা হয়।
এরপর তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপে মোড়ানো তিনটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো খুলে মোট ৯৬৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে এপিবিএন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন