ঢাকার সাভারের হেমায়েতপুরে দ্রুতগামী বাসের ধাক্কায় আহত ব্যাটারিচালিত অটোরিকশা চালক মো. মহির উদ্দিন (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মহির উদ্দিনের মামা মো. রাসেল জানান, গত ৭ জানুয়ারি নিজ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সাভারের দিকে যাওয়ার পথে হেমায়েতপুর এলাকায় একটি দ্রুতগামী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসেকে স্থানান্তর করা হয়। আজ শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, নিহত মহির উদ্দিন মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মুল্লুক চান মোল্লার ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার এক ভাই ও এক বোন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন