ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, পরিস্থিতি উত্তপ্ত

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৩:০৫ এএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উত্তপ্ত। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নাজমা বেগম নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের মারধর করেছে রোগীর স্বজনরা। এ ঘটনার কারণে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে মেডিসিন ভবনের সাত তলায় ঘটনা ঘটে।

ইন্টার্ন চিকিৎসক শিহাব জানান, রোগীর মৃত্যুর ঘটনায় তার স্বজনরা ডা. তৌহিদ, ডা. রাহাত, ডা. বাপ্পি ও ডা. নাঈমকে মারধর করেছেন। আহত চিকিৎসকদের হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়।

তিনি আরও জানান, হাসপাতালের গেট তালা দিয়ে বন্ধ রাখা হয়েছে এবং চিকিৎসা সেবা বন্ধ রাখা হয়েছে। হাসপাতালের পরিচালক না আসা পর্যন্ত গেট খোলা হবে না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোগীর মৃত্যুর পর চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতি হয়। এর মধ্যে দুজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে একাধিকবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।