ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢামেকের ছাদ থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:৩২ এএম
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নতুন ভবনের ৮ম তলা থেকে লাফিয়ে নাজমিন আক্তার (২০) নামে এক রোগী নিহত হয়েছেন। 

রোববার (২৬ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নাজমিন মেডিসিন বিভাগে কিডনি ও হার্টের সমস্যা এবং অন্যান্য জটিলতায় ভর্তি ছিলেন।

নাজমিন পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস গ্রামের জালাল খন্দকারের মেয়ে। তার ৪ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের বাবা, দিনমজুর জালাল খন্দকার জানান, এক সপ্তাহ আগে তিনি ঢামেকে ভর্তি হন। এর আগে প্রায় আড়াই মাস ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। রোববার সন্ধ্যায় বাবা খাবার পানি আনার জন্য ওয়ার্ড থেকে নিচে নামেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পান, তার মেয়ে লাফ দিয়ে নিচে পড়েছেন এবং ঘটনাস্থলেই মারা গেছেন।

জালাল খন্দকার আরও জানান, ৪-৫ বছর আগে নাজমিনের বিয়ে হয় পাশের গ্রামের এক যুবকের সঙ্গে। বিয়ের কিছুদিন পর অন্তঃসত্ত্বা হওয়ার সময় স্বামী ও তার পরিবার জোরপূর্বক গর্ভপাত করায় নাজমিনের শারীরিক সমস্যা দেখা দেয়। এছাড়া স্বামী থেকে মারধরসহ মানসিক যন্ত্রণার শিকার হয় নাজমিন।

ঢামেক হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ উদ্দিন জানান, নাজমিন লাফ দিয়ে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের উপর পড়েন। হাসপাতালে পরিচালক ও শাহবাগ থানাকে ঘটনাটি জানানো হয়েছে।

পুলিশ এই ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেছে।